.jpeg)
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘ব্যক্তিগত বিরোধের জেরে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছে উপজেলা বিএনপি। দলটির নেতারা বলেছেন, এ ঘটনার দায় কোনোভাবেই বিএনপির নয়।
সোমবার (২২ জুন) দুপুরে সাঘাটা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপসহ স্থানীয় নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২১ জুন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের বহিষ্কৃত নেতা মোখলেছুর রহমান মুকুল এবং শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলে দাবি করে বিএনপি।
বিএনপি নেতারা বলেন, ‘হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বোনারপাড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালান। পাশাপাশি নিরীহ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।
নেতারা বলেন, একটি অপরাধের প্রতিক্রিয়ায় আরেকটি অপরাধ গ্রহণযোগ্য নয়। দলীয় পরিচয় বিবেচনা না করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলন থেকে হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।