
সিস্টেম আপডেটের কারণে আগামী রোববার (৩০ আগস্ট) এক দিনের জন্য থাইল্যান্ডের ই-ভিসা আবেদন ও পেমেন্ট সেবা বন্ধ থাকবে। ঢাকার রয়্যাল থাই দূতাবাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রোববার থাই ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল ও ই-ভিসা পেমেন্ট সিস্টেম সাময়িকভাবে বন্ধ থাকবে। পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে দুটি সেবাই আবার চালু হবে।
এদিকে ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনে নতুন কিছু নথি বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীকে নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি এবং ইংরেজি অনুবাদ—দুই ধরনের কপিই দিতে হবে।
ডিটিভি একটি মাল্টিপল-এন্ট্রি ভিসা, যা থাইল্যান্ডে নির্দিষ্ট কয়েকটি উদ্দেশ্যে দীর্ঘ সময় অবস্থানের সুযোগ দেয়। তবে ভিসা ফি পরিশোধের আগে ডিটিভি আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন নিতে হবে।
কাজের উদ্দেশ্য, মুয়ে থাই প্রশিক্ষণ, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর ও অব্যাহত চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে অংশগ্রহণের মতো কাজে ডিটিভির জন্য আবেদন করা যায়। ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ডিটিভি ভিসা নিয়ে প্রতিবার থাইল্যান্ডে প্রবেশের পর সর্বোচ্চ ১৮০ দিন অবস্থান করা যায়। প্রতিটি প্রবেশের ক্ষেত্রে একবার অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে, যা সর্বোচ্চ আরও ১৮০ দিন হতে পারে। অর্থাৎ প্রতিটি এন্ট্রিতে সর্বোচ্চ ১৮০ দিন + ১৮০ দিন পর্যন্ত অবস্থান করা সম্ভব।
ভিসার মেয়াদ কার্যকর থাকা পর্যন্ত একজন ডিটিভি ভিসাধারী প্রয়োজন অনুযায়ী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।