
রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ কিছু বস্তু অজ্ঞাত ব্যক্তিরা রেখে গেছে।
কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, ‘আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন। এটা কি কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।’
বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করার পর এগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রোলবোমা সদৃশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া যায়।