
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এর আগে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
সেই পরিকল্পনার কথা জানানোর চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত একাধিকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন সাংবাদিকরা। প্রতিবারই বিষয়টির আইনি সমাধানের কথা জানিয়েছে নয়াদিল্লি।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এ বিষয়ে তাদের কোনো পর্যবেক্ষণ বা মতামত রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। পাশাপাশি ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
ই-মেইলে পাঠানো এক জবাবে ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’