
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে আরও এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) শান্তিনিকেতনে দুর্বৃত্তদের গুলিতে আহত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে নানুরের একটি ইটভাটায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, এ সময় রতন পালানোর চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে আবারও গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে রতন শেখ গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ কনস্টেবলের ওপর হামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তের এভাবে মৃত্যুর ঘটনায় বীরভূমের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরো এনকাউন্টারের পরিস্থিতি, অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া এবং পুলিশের পদক্ষেপ নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।
ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুলিশকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশকে গুলি করতে এলে কি পুলিশ বাতাসা খাওয়াবে? রাজ্যে অপরাধীদের কোনো জায়গা নেই।
এ নিয়ে গত ছয় মাসে পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারে পাঁচজন অভিযুক্তের মৃত্যু হলো।
গত ২৭ অক্টোবর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক রাজনৈতিক কর্মী হত্যার ঘটনায় অভিযুক্ত সামাউল শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হন। একই দিন উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রহ্লাদ দাস নামে আরেক অভিযুক্ত পুলিশের গুলিতে মারা যান।
এ ছাড়া চলতি মাসের শুরুতে রায়গঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান অভিযুক্ত পুলিশি এনকাউন্টারে নিহত হন। এর আগে গত জুলাই মাসে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্ত পুলিশের গুলিতে প্রাণ হারান।