
সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, চলতি নভেম্বর ও ডিসেম্বরজুড়ে নাশকতা ও সহিংস কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসব পরিকল্পনায় দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরাও যুক্ত রয়েছেন। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে সরকারকে অস্থিতিশীল করাই তাদের মূল উদ্দেশ্য বলে মনে করছেন গোয়েন্দারা।
সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গ্রুপের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। একই সঙ্গে দেশের সব সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।