
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন তৎপরতা, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও ভীতি ছড়ানোর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। দলটির সাম্প্রতিক বেশ কিছু সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ড জনমনে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি দপ্তরের সামনে এবং জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতেও ভয় পাচ্ছেন অনেক অভিভাবক।
এই পরিস্থিতিতে জনমনে সৃষ্ট আতঙ্ক দূর করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। জুলাই গণহত্যার ঘটনায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রচলিত প্রত্যর্পণ আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সরকার নাকচ করে দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আইনি ও প্রশাসনিকভাবে তাকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ বলেন, ডিসেম্বর কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও এসআরবি যৌথভাবে কাজ করছে। যারা বোমা কিংবা ককটেল হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। লক্ষ্য নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভীতি প্রদর্শনের ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
একই সঙ্গে সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। যাতে শ্রমিক অসন্তোষ কিংবা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং চেকপোস্টে তল্লাশির সময় ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত ৯ জন রয়েছেন। বাকিদের চেকপোস্টে তল্লাশি ও অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
এসব অভিযানে বেশ কিছু তাজা ককটেল, ককটেল বিস্ফোরণে ব্যবহৃত সরঞ্জাম এবং যাতায়াতের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু ককটেল বিস্ফোরণ বা নাশকতার নির্দিষ্ট মামলাতেই নয়, ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে প্রতিদিন চার থেকে পাঁচ শতাধিক অপরাধী এবং পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় এবং স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, সাধারণ মানুষের মধ্যে ভীতি দূর করা এবং চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থার কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক পর্যালোচনা এবং অভ্যন্তরীণ সমন্বয় আরও জোরদার করতে পুলিশ সদর দপ্তরের অধীনে উচ্চপর্যায়ের কমিটি ও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। কূটনৈতিকভাবে দুই দেশের সম্পর্কের অবস্থান তলানিতে গিয়ে ঠেকে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছিল। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য ভারতে সব ধরনের ভিসা চালু করা হয়। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করার পর পরিস্থিতির আবার অবনতি হতে শুরু করে। সর্বশেষ ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখন যতটা না কূটনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে কী ধরনের আলোচনা হচ্ছে, তা স্পষ্টভাবে জানা যাচ্ছে না। সম্পর্কের মধ্যে টানাপোড়েন রয়েছে কি না, থাকলে তার ধরনই বা কী—এসব বিষয়ও পরিষ্কার নয়। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মধ্যে যে বৈরিতা রয়েছে, সেটি স্পষ্ট।
তিনি বলেন, ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসার পর যখন বাংলাদেশিদের ভিসার অনুমোদন দেওয়া শুরু হয়, তখন দুই দেশের সম্পর্কের গতিপ্রকৃতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে মনে হচ্ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করার পর আবারও সম্পর্কে ধাক্কা লাগে। এরপর থেকে পরিস্থিতি পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। দুই দেশের সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে।
মাহফুজুর রহমানের মতে, জনমনে যে আতঙ্কের কথা বলা হচ্ছে, তার পেছনে দুই দেশের সম্পর্কের এই অস্বচ্ছতা ও অস্পষ্টতা কাজ করছে। এ ক্ষেত্রে দুই দেশের সরকারেরই দায় রয়েছে। তাই সম্পর্কের বর্তমান অবস্থান ও সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্ট করা প্রয়োজন।