
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ইরানকে ঘিরে দেশটির পররাষ্ট্রনীতি অতিরিক্ত ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
শনিবার (১৫ আগস্ট) রুশ সাহিত্যিক ফিওদোর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ থেকে একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
ইসমাইল বাঘেই বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি দস্তয়েভস্কির ওই বিখ্যাত অনুচ্ছেদের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
দস্তয়েভস্কির উপন্যাসের উদ্ধৃতিটি তুলে ধরে তিনি লেখেন, ‘যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকেই সত্য মনে করে শোনে, সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের বা বাইরের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না এবং এর ফলে সে নিজের পাশাপাশি অন্যের প্রতিও সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলে।’
ইরানের এই মুখপাত্র আরও বলেন, মিথ্যার ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই মার্কিন প্রশাসনকে বর্তমান পরিস্থিতিতে নিয়ে এসেছে।