
চা উৎপাদনে বিগত ফ্যাসিস্ট সরকার পৃষ্ঠপোষকতা না দিয়ে উল্টো নানা মুখি বাঁধা প্রদানসহ চা ইন্ডাস্ট্রি দখল করার চেষ্টা করেছে বলেছেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৫ আগস্ট) সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় সোমা চা-বাগান পরিদর্শন ও চা ইন্ডাস্ট্রি চালুকরণ বিষয়ে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চা উৎপাদনে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ও প্রধান জেলা হলো পঞ্চগড়। কিন্তু আমার জেলা লালমনিরহাটেও যে চা উৎপাদনে সম্ভাবনাময় সেটি পরিদর্শন করে বুঝতে পারলাম। চা শ্রমিকদের কাছ থেকে যেটা শুনতে পেলাম সোমা চা-বাগান ও চা ইন্ডাস্ট্রিটি বিগত সরকার নানা ধরনের হয়রানি ও দখল নেয়ার চেষ্টা করেছে। আমরা তাকে সবধরনের সহযোগিতা করবো যাতে এটা আরও জনপ্রিয় হয়ে ওঠে।
ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান গনতান্ত্রিক সরকার এই চা বাগান ও চা ইন্ডাস্ট্রি পূনরায় চালু করতে সর্বোচ্চ সহযোগিতা করবে। যাতে করে বেকার মানুষদের কর্মসংস্থান তৈরি হয়। চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলমের ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে অন্যায় করে সেখান থেকে তাকে মুক্ত করে চা ইন্ডাস্ট্রিটি আবারও সম্প্রসারিত করা হবে।
সোমা চা-বাগান পরিদর্শন ও চা ইন্ডাস্ট্রি চালুকরণ বিষয়ে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপ জন মিত্র, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেনসহ আরও অনেকে।