
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মুঠোফোনে ভিডিও ধারণ এবং বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আ ন ম আয়াসের নেতৃত্বে একদল লোক ওই ব্যক্তিদের মারধর করেন। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।
জানা যায়, বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে আয়াস তার কাছে গিয়ে ফোনটি পরীক্ষা করেন। ওই ভিডিও যুবলীগের এক ব্যক্তির কাছে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে আয়াসের সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামের এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিকশাচালককে মারধরের সময় ঘটনাস্থলে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে সেখান থেকে চলে যান।
এদিকে দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণের অভিযোগ তুলে আরও একজনকে মারধর করা হয়। তার হাতে থাকা একটি ব্যাগে শিঙাড়া দেখা যায়। মারধরের একপর্যায়ে তিনিও ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ (কার্যক্রম) সংগঠন আওয়ামী লীগ, যুবলীগের নেতা–কর্মীরা যাতে কোনো অপতৎপরতা করতে না পারে, সে জন্য তারা অবস্থান করছেন। কাউকে পেলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।
মব সৃষ্টি করে কাউকে মারধর করার বিষয়ে প্রশ্ন করা হলে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না। আওয়ামী লীগ, যুবলীগ পেলে ধরে শুধু পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক যুবলীগের কর্মীকে আটক করে পুলিশ।