
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
স্থায়ী কমিটিতে নতুন জায়গা পাওয়া চার নেতা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন চার সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। অন্যদিকে, মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলটির জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়ে যায়। এসব শূন্য পদে দলটি বিভিন্ন সময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে। এবার একই সঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।