
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর হামলার জন্য কোনোভাবেই ক্ষমা চাইবেন না। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে মার্কিন নাগরিকদের আর্থিক ক্ষতির বিষয়টিকেও তেমন গুরুত্ব দিচ্ছেন না তিনি।
স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার স্বার্থে জ্বালানির বাড়তি দাম মেনে নেওয়ার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘মার্কিন নাগরিকদের পেট্রোলের জন্য সামান্য বেশি দাম দিতে হচ্ছে। তবে তাদের মনে রাখা উচিত যে, ‘একটি অত্যন্ত দুষ্ট দেশ’ যাতে পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করার জন্যই এই মূল্য দিতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যা করছি তা শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং বিশ্বের জন্য একটি মহৎ কাজ... এবং আমরা সত্যিই একটি দুর্দান্ত কাজ করছি।’
ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, এ কর্মকাণ্ডের জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না।