
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তি অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন।
বিমান সূত্রে জানা যায়, প্রস্তাবিত এই চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ১৪টি উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা এবং আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহৃত হবে।
বিমানের বহর সম্প্রসারণ নিয়ে গত কয়েক বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ আলোচনার পর বোয়িংই চূড়ান্তভাবে বড় অর্ডারটি পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।