
বিদেশে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংক হিসাবে অর্থ রাখা, ভিলা বা জমি থাকার প্রমাণ দিতে পারলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নেবো।’
তিনি বলেন, দেশের বাইরে রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য এর আগেও অনুসন্ধানী সাংবাদিক ও সরকার বের করেছে। সরকারের এ ধরনের তথ্য অনুসন্ধানের সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সায়েন্স না। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের সাত মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’
নিজের পোস্টে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ছয় মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’
বিরোধী দলকে দমন-পীড়নের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ প্রশ্ন করেন, ‘আপনাদের বিরোধীদলকে দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?’