
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ বিবৃতি দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিবৃতিতে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। জামায়াতে ইসলামীকে নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য মনে করেন না জানিয়ে তিনি দাবি করেন, দলটির সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
তিনি বলেন, গত ১১ মাসে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তর্ক-বিতর্ক ও আলোচনা করেছেন। দলের গৃহীত নীতির সঙ্গে মতপার্থক্য থাকায় অভ্যন্তরীণ মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন বলেও জানান তিনি।
সামান্তা শারমিনের ভাষ্য, প্রায় এক বছরের সেই সংগ্রামের ইতি টানছেন তিনি। কারণ, এনসিপির পক্ষে দলটির সূচনাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে তিনি মনে করেন না।
পদত্যাগের জন্য আরও উপযুক্ত সময়ের অপেক্ষা করতে পারতেন উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে পদত্যাগের বিষয়টি মূল্যায়ন করা সহজ হতো। তবে সেই অপেক্ষাকে অর্থহীন মনে করছেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, এনসিপি কখনো জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন না। তাঁর মতে, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল রাষ্ট্রের নতুন ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক না হয়ে বরং বাধা হয়ে দাঁড়াবে।
এনসিপির সঙ্গে এতদিনের মতপার্থক্য ও আলোচনা দলের সদস্যদের পাশাপাশি দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদেরও জানানো প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেন সামান্তা শারমিন।