
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের অধীনে দায়িত্বপ্রাপ্ত সুব্রত কুমার বাহাদুর এর বিরুদ্ধে উত্থাপিত ভুয়া পিএইচডি তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে চাকরি সংক্রান্ত আবেদন, ল্যাপটপ ও প্রিন্টিং সামগ্রী পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়ায় বিষয়গুলো তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের পত্রের সূত্র ধরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আলমগীর হক। সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আসিফ হাসান সৌরভ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ড. সাদি মোঃ সায়েমুল হোসেন। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোছা. শারমিন রহমান।
অফিস আদেশে কমিটিকে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য, নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে একটি সুস্পষ্ট প্রতিবেদন রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত আদেশ অনুযায়ী, কমিটির সদস্যরা সুবিধাজনক সময়ে সভা করে তদন্ত কার্যক্রম শুরু করবেন।