
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৭ জনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশে হামে এবং হামের উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৬০৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।