
২০২৪ সালের সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে কেনিয়ার পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানী নাইরোবিতে এ ঘটনা ঘটে।
দুই বছর আগে কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে নিহতদের স্মরণে বিভিন্ন সংগঠন পদযাত্রা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে কর্মসূচি শুরুর আগেই সংসদ ভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ ভবনের বাইরে ফুল দিতে আসা অন্তত ছয়জনকে আটক করার পর নাইরোবির কেন্দ্রীয় পুলিশ স্টেশনের সামনে জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
২০২৪ সালের ওই বিক্ষোভে বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৬০ জন নিহত হন বলে জানিয়েছিল কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস।
রাজধানী নাইরোবির ব্যবসাকেন্দ্রিক এলাকাগুলোতে দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ রাখা হয়। সংসদ ভবনের চারপাশে কাঁটাতারের ব্যারিকেড, জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী জন মাইনা বলেন, আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাদের স্মরণ করছি, যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন। তারা কোনো ব্যক্তিগত লাভের জন্য লড়াই করেননি। এটি কোনো প্রতিবাদ নয়, এটি স্মরণ অনুষ্ঠান।
নিহতদের স্বজনরাও কর্মসূচিতে অংশ নেন। ২০২৪ সালে নিহত ১৯ বছর বয়সী ইব্রাহিম কামাউয়ের মা এডিথ ওয়ানজিকু অভিযোগ করেন, সন্তানদের স্মরণে ফুল দিতে এলেও পুলিশ তাদের বাধা দিয়েছে। তিনি নিহতদের জন্য বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।
এদিকে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সতর্ক করে বলেছেন, বিশৃঙ্খলা, লুটপাট বা সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ আয়োজকদের দাবি, অতীতের পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধে কার্যকর নিশ্চয়তা দিতে হবে।
অন্যদিকে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো স্বীকার করেছেন যে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের অতিরিক্ত ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি সম্প্রতি জানিয়েছেন, বিক্ষোভ-সংশ্লিষ্ট নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য ২০০ কোটি কেনিয়ান শিলিং (প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার) বরাদ্দ রাখা হয়েছে।
তবে মানবাধিকারকর্মীরা বলছেন, শুধু ক্ষতিপূরণ নয়, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণই প্রকৃত বিচার নিশ্চিত করতে পারে।