
সরকারি কিউআর কোডভিত্তিক জ্বালানি ব্যবস্থাপনা সেবা ‘ফুয়েল পাস’–এর রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা এ সেবা পাওয়া যাবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও ডাটাবেজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
মন্ত্রণালয় সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এর আগে জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে।
প্রাথমিকভাবে এটি মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য চালু করা হয়। পরে ধাপে ধাপে এর ব্যবহার দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হয়। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে ইতোমধ্যে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে।
জ্বালানি খাতে নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ভিড় অনেকটা কমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।