
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর অথবা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এই দুই সময়ের মধ্যে যেটি আগে আসবে, ততদিন তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং কমিশনের অন্যান্য সদস্য পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে গত ১৮ আগস্ট অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।