.jpg)
পাওনা মাত্র ৬০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চার সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাই, তাদের মা ও আরেক স্বজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—ওই গ্রামের জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।
আহত জহিরুলের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে গেলে রাসেল মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা জহিরুলকে মারধর ও কুপিয়ে জখম করে বলে অভিযোগ পরিবারের। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলও হামলার শিকার হন। তাদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে রাসেল মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।