
৮ ফেব্রুয়ারির ঢাকার নির্বাচনি সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পরিকল্পনা অনুযায়ী, সমাবেশের পরিবর্তে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে নির্বাচনী বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠান চলাকালীন এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উক্ত অনুষ্ঠানে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেন। এছাড়াও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে অন্তর্ভুক্ত হন।
যোগদানের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, "দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।"
এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, "দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে।"