
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক সুরক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশে থাকা প্রায় চার কোটি পরিবারের প্রতিটি গৃহিণীর হাতে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে। আমরা বাংলাদেশের প্রত্যেক গৃহিণীর হাতে একটি কার্ড পৌঁছে দিতে চাই; যার নাম হবে ‘ফ্যামিলি কার্ড’।” তিনি আরও বলেন, “এই ফ্যামিলি কার্ডটি শুধুমাত্র নারীরাই পাবেন।”
তিনি জানান, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা বা সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, আমরা তাদের প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে, একজনের জন্য দুই থেকে আড়াই হাজার টাকায় কী হবে? আমরা কিন্তু একবারও বলিনি যে আমরা তাদের পুরো মাসের সহযোগিতা দেব।”
তারেক রহমান আরও বলেন, “আপনারা চিন্তা করে দেখুন, গ্রামের একটি সাধারণ পরিবারের সদস্য সংখ্যা গড়ে পাঁচ থেকে ছয় জন। তাদের যদি ন্যূনতম অতি প্রয়োজনীয় মাসিক বাজার খরচ পাঁচ থেকে ছয় হাজার টাকাও হয়ে থাকে— যা বর্তমানে খুবই কষ্টকর— অর্থাৎ চার সপ্তাহের খরচের বিপরীতে যদি তাকে আড়াই হাজার টাকা দেওয়া হয়, তবে এর মানে হলো তাকে মোটামুটি এক সপ্তাহের একটি বড় সাপোর্ট দেওয়া হচ্ছে।”
এই সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই এক সপ্তাহের সাপোর্টটি আমরা যারা আজ এখানে সুন্দর পরিবেশে বসে আলোচনা করছি, আমাদের কাছে হয়তো সামান্য মনে হতে পারে। কিন্তু আমরা যদি তাদের বাস্তব অবস্থায় যাই, তবে এই আড়াই হাজার টাকার সহযোগিতা তাদের জন্য বিরাট বড় ব্যাপার।” তিনি যোগ করেন, “বর্তমানে এই টাকাটা তারা কোনো না কোনোভাবে খরচ করছেই, কিন্তু যখন অতিরিক্ত এই সাপোর্টটি দেওয়া হবে, তখন একজন নারী এই টাকাটি তার প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন অথবা তার নিয়মিত খরচ থেকে যে টাকাটা সাশ্রয় হবে, তা তিনি অন্য কাজে লাগাতে পারবেন।”