
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নির্ধারিত কেন্দ্রীয় জনসভা বাতিল করেছে বিএনপি। উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করার লক্ষ্যে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।”
দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগে মাঠপর্যায়ে প্রচারণা আরও বিস্তৃত করতেই কেন্দ্রীয় জনসভার পরিবর্তে বিভিন্ন অঞ্চলে সরাসরি জনসংযোগ ও জনসভায় অংশ নেবেন শীর্ষ নেতারা।