
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে খাটের নিচে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (খ-জোন) ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানকালে মতিন সাহেবের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষের খাটের নিচে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জসীম উদ্দিন (৩৪) ও লিটন (৪৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসীম উদ্দিনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বোলাভো এলাকায় এবং লিটনের বাড়ি শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার পুজেশ্বর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখার (খ-জোন) ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, “মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”