
জয় না এলেও লড়াই থামছে না—ঢাকা-৯ আসনের ফল ঘোষণার পর এমনই বার্তা দিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা। তৃতীয় স্থান অর্জন করেও তিনি এটিকে ভবিষ্যতের পথচলার শক্ত ভিত্তি হিসেবে দেখছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তার চেয়ে তাসনিম জারা পিছিয়ে রয়েছেন ৬৬ হাজার ৫২৮ ভোটে। দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ জাবেদ মিয়ার তুলনায় তিনি কম পেয়েছেন ৮ হাজার ৭৭৬ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় কর্মী-সমর্থকদের উদ্দেশে তাসনিম জারা লেখেন, “আমাদের সেরা সময় এখনো সামনে।”
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি সাতটি মূল বিষয় তুলে ধরেন—
১. অভিনন্দন ও প্রতিশ্রুতি
জাতীয়ভাবে বিজয়ী হওয়ায় বিএনপি এবং ঢাকা-৯ আসনে জয়ী হাবিবুর রশীদ হাবিবকে অভিনন্দন জানান তিনি। জানান, আগের রাতেই তিনি বিজয়ী প্রার্থীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার কথাও উল্লেখ করেন।
২. নারীদের অংশগ্রহণ
প্রচারণায় নারীদের ব্যাপক সম্পৃক্ততায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নীতিনির্ধারণী টেবিলে নারীরা থাকলে আলোচনার মান পরিবর্তিত হয়। কিশোরী ও তরুণীদের উদ্দেশে তার আহ্বান—তারা যেন স্বপ্ন দেখতে ভয় না পায়।
৩. ভলান্টিয়ারদের ভূমিকা
স্বেচ্ছাসেবকদের তিনি “পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন” হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, মন খারাপের কিছু নেই; মানুষের হৃদয় জয় করাই রাজনীতির সবচেয়ে কঠিন জয়।
৪. দেশে থাকার অঙ্গীকার
নির্বাচনের পর যুক্তরাজ্যে ফিরে যাবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে লেখেন, “আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে।”
৫. শক্ত সংগঠন গড়ার আহ্বান
তিনি মনে করেন, ক্লিন ক্যাম্পেইনে মানুষের সমর্থন পাওয়া সম্ভব হলেও বাস্তবতার সীমাবদ্ধতা রয়েছে। ভবিষ্যতে ভয়ভীতি মোকাবিলায় প্রতিটি বুথে সাহসী এজেন্ট ও সচেতন নাগরিক উপস্থিতি নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
৬. গণঅভ্যুত্থান ও নির্বাচন
জুলাইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের ফল হিসেবে বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে দেখছেন তিনি। একই সঙ্গে ড. ইউনূসের নেতৃত্বাধীন দল ও নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
৭. ৪৪ হাজার ভোট ‘ফাউন্ডেশন’
নিজের প্রাপ্ত ৪৪ হাজারের বেশি ভোটকে তিনি একটি বড় ‘ফাউন্ডেশন’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, মানুষ পরিচ্ছন্ন রাজনীতি চায় এবং তারা পুরোনো রাজনৈতিক ছক ভাঙার প্রক্রিয়া শুরু করতে পেরেছেন।
বার্তার শেষাংশে কর্মী-সমর্থকদের মনোবল দৃঢ় রাখতে আশাবাদী কণ্ঠে তিনি আবারও লেখেন, “আমাদের সেরা সময় এখনো সামনে।”