
সারাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা এবং বাড়িঘরে হুমকির অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিজয়ী রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তবে তা আমাদের জন্য লজ্জাজনক হবে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত থেকেই বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল প্রকাশ পেতে শুরু করে। এখন পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরাও বেশ কয়েকটি আসনে জয় পেয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।
তবে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা বিজয়ী দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।