
রাঙামাটি-১ আসনে সর্বোচ্চ ভোটে জিতলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১ লাখ ৭০ হাজার ৭০২।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা নাজমা আশরাফীর ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
রির্টানিং কর্মকর্তা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের কড়া নিরাপত্তা আর স্থানীয়দের সহায়তায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৫ লাখ ৯ হাজার ২৬৭ ভোটার রয়েছেন। পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোট প্রদান করেছে ২ লাখ ৭৪ হাজার ১৮ জন ভোটার। যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। এখানে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১৫২ ভোট। গণভোটে ‘না’ তে ভোট দিয়েছেন ১৭ হাজার ৯৮০৫ জন এবং ‘হ্যাঁ’ তে ভোট দিয়েছেন ৭১ হাজার ৬৯৯ জন ভোটার।
রাঙামাটি আসনে মোট সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাজী জসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার পেয়েছেন ৪৪৯ ভোট।