
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।
নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।
বিজয়ী দল ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রুবিও লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।”
একই সঙ্গে নবগঠিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”