
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় কার্যক্রম আরও গতিশীল করতেই দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় সরকার। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দুই প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে নতুন কয়েকটি উইং চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে। এসব উদ্যোগ আগে ছিল না।
শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও কার্যক্রমের গতি আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মন্ত্রণালয়ের কাজ আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।