
কক্সবাজার শহরে পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ছুরিকাঘাতে দুই যুবকের নির্মম মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ আসিফ (২৭)। এই ঘটনায় আশরাফুল ইসলাম (২০) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।
ধারালো অস্ত্রের আঘাতে হৃদয়, আসিফ ও আশরাফুল গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার আশরাফ আসিফ মারা যান। আহত আশরাফুল ইসলাম বর্তমানে চমেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। নিহত হৃদয় ও আসিফের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।