
নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর আগের পরিকল্পনা থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, তা থেকে সরে আসার চিন্তা করছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের ভোটগ্রহণের দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে।
এর আগে কমিশন জানিয়েছিল, ১২ নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার কথা বলা হয়েছিল।
তবে নতুন পরিস্থিতিতে জানুয়ারিকে ভোট আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছে ইসি। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইসি মাছউদ জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।
এদিকে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ইসির যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।