
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সকালে সভা করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে মো. সানাউল্লাহ জানান, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
তবে ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।