
প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিংসহ তিনজন। অভিযুক্তদের মধ্যে প্রেমিত সিং মালয়েশিয়ার নাগরিক।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের সহকারী বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিচার প্রক্রিয়া শুরু করার জন্য মামলাটি বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলার অপর দুই আসামি হলেন—টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট, জাপানি নাগরিক আকিও ওগাওয়া এবং টয়োটা সুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।
গত ৯ জুলাই টয়োটার পরিবেশক প্রতিষ্ঠান নাভানা লিমিটেডের কর্মকর্তা শফিউল ইসলাম প্রতারণার অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অভিযুক্তরা প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে গত ৮ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। ওই প্রতিবেদন গ্রহণ করে গত ৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।