
রাজশাহী মহানগর যুবদলের ১৩ নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের পর তা বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (২২ নভেম্বর) রাতে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
এর আগে গত শনিবার কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে কমিটিতে তৈরি হওয়া শূন্য পদ পূরণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
তবে নতুন তালিকা প্রকাশের পরই মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে শনিবার রাতে পদবঞ্চিত নেতারা মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাসা ঘেরাও করে বিক্ষোভ করেন।
পরদিন রোববার বিকেলেও তাঁরা বিক্ষোভ মিছিল করেন। ধারাবাহিক এই প্রতিবাদের পর রোববার রাতেই ১৩ নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে কেন্দ্রীয় যুবদল।