
পূর্ব লিবিয়ার উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজ মারকুরিতে হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী সাতটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করে জাহাজটি ডুবিয়ে দিয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে জেলেনস্কি আরও জানান, রোববার লিবিয়ার উপকূলে যুদ্ধজাহাজ মারকুরিকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর ড্রোন রাশিয়ার এমভি আঙ্গারা নামের একটি কার্গো জাহাজেও আঘাত হেনেছে। একই দিনে রাশিয়ায় দেশটির সেনাবাহিনীর একটি কা-১৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
জেলেনস্কি তাঁর টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেছেন, এমভি আঙ্গারা জাহাজটি রুশ বাহিনীর অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করা হতো।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মারকুরি যুদ্ধজাহাজে ড্রোন হামলার তথ্য স্বীকার করেছে। তবে এমভি আঙ্গারা কার্গো জাহাজ এবং সামরিক হেলিকপ্টারে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মন্ত্রণালয়টি।
২০১১ সালে ন্যাটোর সমর্থনে সংঘটিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া বিভক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চল ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি’র নিয়ন্ত্রণে। অন্যদিকে, পূর্বাঞ্চল রয়েছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে। তাঁর নেতৃত্বাধীন বাহিনী ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’র সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
রোববারের হামলার পর পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা এবং কিয়েভের কাছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাই আমরা।”