
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় জানা এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন, তাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্যও তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় কিশোর আব্দুল মোতালিব (১৪)।
এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।