
ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যেভাবে গ্রেফতার হন তিনজন
বৃহস্পতিবার রাতে তিনজনকে পৃথক স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। সাবেক সংসদ সদস্য দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, সাবেক সচিব মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং অভিনেতা তমালকে আজিমপুরের ইরাকি মাঠ থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের অনেকে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন, ২৩ মে, ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে গ্রেফতার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে তদন্তে জানা গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কাজও করতেন তারা।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। এসব বিষয় তদন্তের স্বার্থে প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা।