
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে এ সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওই দিন থেকেই প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, ২৪ নভেম্বর জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে হাজির না হয়ে ভার্চুয়ালি উপস্থিত হন। গত ২২ নভেম্বর তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কয়েকটি কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।
তাঁর জবানবন্দি শেষ হওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাক্ষীকে জেরা করেন। সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের ঘটনা নিয়ে। ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, দ্বিতীয় অভিযোগে বর্ণিত একই সময়ে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিনে প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে।