
চার ম্যাচ জিতে ফাইনালে উঠলেও শিরোপা জয়ের শেষ লড়াইয়ে পেরে উঠল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই প্রতিযোগিতায় আটজনের দল নিয়ে ২০ মিনিট করে দুই অর্ধে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালের প্রথমার্ধে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ম্যাচের ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। ২৩ মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে দলটি। তবে দুই মিনিট পরই মহির গোলে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ম্যাচের শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজারবাইজানে আয়োজিত এ ফেস্টিভ্যালে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছিল। এরপর প্রতিটি গ্রুপের একই স্তরে থাকা ৩২টি দলকে নিয়ে শুরু হয় নকআউট পর্ব। পঞ্চম স্তর বা ‘ই’ টায়ারে চার ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
ফিফা এ প্রতিযোগিতায় ছয়টি গ্রুপের ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।