
মিরপুরে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নিতে হয়েছে। বিরতির আগে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচে চাপে পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই শামার জোসেফের বলে বিদায় নেন তানজিদ হাসান তামিম। লেগ স্টাম্পে ফুল লেংথের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তিনি। কোনো রান না করেই ফিরতে হয় তাঁকে। প্রথম ইনিংসে তানজিদের সংগ্রহ ছিল ৭ রান।
এরপর ১১তম ওভারে আক্রমণে এসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। ওভারের প্রথম বলে সাদমান ইসলামকে বোল্ড করেন তিনি। চতুর্থ বলে বড় শট খেলতে গিয়ে উইকেট হারান তাওহীদ হৃদয়। এতে ২৮ রানে ৩ উইকেটে পরিণত হয় বাংলাদেশের স্কোর।
১২.৪ ওভারে চেজের তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এলবিডব্লিউয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। ফলে ৩৩ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
চেজ এখন পর্যন্ত ৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শামার জোসেফের শিকার একটি, খরচ করেছেন ১৭ রান।
চা বিরতির সময় ক্রিজে রয়েছেন লিটন দাস ও জাকের আলী। লিটন ৪ এবং জাকের ১ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কনকাশনে পড়া মুমিনুল হকের পরিবর্তে মাঠে নেমেছেন জাকের।