
গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ফিলিস্তিনের ফুটবল লিগ। সোমবার (১০ আগস্ট) ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে দেশটিতে ফুটবলসহ ক্রীড়া কার্যক্রম পুনরায় শুরু হবে।
রামাল্লায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিবরিল রাজউব বলেন, ‘আমরা ঘোষণা করছি, ৪ সেপ্টেম্বর থেকে ক্রীড়া কার্যক্রম এবং ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ আবার শুরু হবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ দেশটির সব ক্রীড়া লিগ বন্ধ হয়ে যায়।
পুনরায় শুরু হতে যাওয়া প্রথম টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুদ্ধে ইসরায়েলের হামলায় ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাদের স্মরণেই টুর্নামেন্টটির এই নামকরণ করা হয়েছে।
টুর্নামেন্টটিতে দুইশর বেশি ক্লাব অংশ নেবে। এর মধ্যে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর থেকে খেলবে ১৪৬টি ক্লাব, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে অংশ নেবে ৩৬টি ক্লাব। একই সময়ে এই তিন জায়গায় টুর্নামেন্টটি শুরু হবে।
রাজউব বলেন, ‘যুদ্ধ সব ফিলিস্তিনির জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে আমাদের প্রতিযোগিতা এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা ফিলিস্তিনি জাতীয় ইচ্ছাশক্তি হারাইনি। আমরা বিশ্বাস হারাইনি যে খেলাধুলা আশা এবং জীবনের প্রতীক হয়েই থাকবে।’
তিনি জানান, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে রাজউব ফিফা এবং অন্যান্য ফেডারেশনকে ফিলিস্তিনি ক্রীড়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে খেলোয়াড়, ক্লাব ও শিশুদের ‘স্বাধীনতা এবং মর্যাদার’ সঙ্গে খেলাধুলা উপভোগের অধিকার রক্ষার আহ্বানও জানান তিনি।