
জাতীয় স্টেডিয়ামের পর এবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেও খেলাধুলার মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামের সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যেসব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট রয়েছে, তাদের স্থানান্তর করা যেতে পারে।’
নারী ফুটবল ও বয়সভিত্তিক ফুটবলের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে ব্যবহৃত হয় কমলাপুর স্টেডিয়াম। তবে খেলা শেষে ফুটবলারদের ড্রেসিংরুমে যাওয়ার সময়ও বিড়ম্বনায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে।
এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
শফি কামাল জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি কমলাপুর স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। এবার সেই দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।