
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর চলতি বছর মাঠে গড়াবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এবারের বিপিএল নাও হতে পারে। একই সঙ্গে টুর্নামেন্টটি ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’
বিপিএল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছর বিপিএল আয়োজন না করলে এর প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।’
এদিকে ঢাকার ক্লাব ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলবো।’