
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে আবেগঘন পরিবেশ তৈরি করেছেন অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ট্রফির চেয়ে দলের বন্ধন, সংগ্রাম এবং একসঙ্গে কাটানো পথচলাকেই বেশি মূল্য দিয়েছেন।
রোববার (১৯ জুলাই) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেসি জাতীয় দলের দীর্ঘ যাত্রা, সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং কোচিং স্টাফসহ নেপথ্যের কর্মীদের অবদানের কথা তুলে ধরেন।
মেসি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর দিকটা শুধু শিরোপা জয় ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিদিনের সময়গুলো ভাগ করে নেওয়া, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তে একে অপরকে টেনে তোলা এবং প্রতিটি ধাপ উপভোগ করাটাই ছিল আসল।’
চলতি বিশ্বকাপে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় থাকলেও মেসির বার্তায় প্রতিপক্ষের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দলের ঐক্য। তিনি মাঠের বাইরের কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালের সেই সব অসাধারণ মানুষকে ধন্যবাদ, যারা প্রতিদিন এই জাতীয় দলটিকে একটি পরিবার হিসেবে ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।’
ফাইনালের ফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছে বলেও বিশ্বাস করেন মেসি।
তিনি লিখেছেন, ‘আগামীকাল (আজ) যা-ই ঘটুক না কেন, এই গ্রুপটি ইতিমধ্যেই এমন একটি গল্প লিখে ফেলেছে যা আমরা কখনোই ভুলব না এবং কেউ কখনো তা মুছে দিতে পারবে না।’
পোস্টের শেষ লাইনে সমর্থকদের উদ্দেশে নিজের চিরচেনা আহ্বানও জানান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তিনি লেখেন, ‘ভামোস, আর্জেন্টিনা।’