
সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় তার সঙ্গে গর্ভের সন্তানও মারা গেছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা (৩০) সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য তাকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গর্ভের সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।