
পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরিশাল নগরে নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান। এ ঘটনায় তার চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নগরের সদর রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত নাদিমা মোহাম্মদী খান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে রোববার (১৯ জুলাই) ভোরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই দাবি প্রত্যাখ্যান করায় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাকে আহত করে।
নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, শনিবার তিনি তার চাচাতো বোনকে নিয়ে ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে যান। সেখানে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলা এবং মাদক সেবন ও বিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাক্বিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
তার দাবি, পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা এবং ভবিষ্যতে যাতে তিনি ওই বাড়িতে না আসেন, সে উদ্দেশ্যেই চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’