
বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শেষের পথে। তবে শিরোপা নির্ধারণী মহারণের আগে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিউ জার্সির বৈরী আবহাওয়া। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন, যারা শেষ অনুশীলনই করতে পারেনি। অন্যদিকে দেড় ঘণ্টা বিলম্বের পর অল্প সময়ের জন্য মাঠে নামার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় আর্জেন্টিনার অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা স্থগিত রাখতে হয়। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর আবহাওয়া কিছুটা অনুকূলে এলে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও সতীর্থরা সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নেমে গা গরম এবং কৌশলগত অনুশীলন সম্পন্ন করেন। তবে ফের বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সেশন শেষ করে টিম হোটেলে ফিরে যায় দলটি।
স্পেনের অবস্থা ছিল আরও প্রতিকূল। নিউ জার্সির হুইপ্যানিতে নির্ধারিত শেষ অনুশীলন সেশন বজ্রপাতের আশঙ্কায় প্রথমে পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় পুরো সেশনই বাতিল ঘোষণা করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শেষ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্প্যানিশদের।
তবে দুই দলের জন্য স্বস্তির খবরও রয়েছে। সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল চলাকালে বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে।
রোববার, ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচেই জানা যাবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে, নাকি ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে স্পেন।