বিশ্বকাপে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শেষ ৩২ নিশ্চিত করার সুযোগ সামনে রেখে দ্বিতীয় ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন আনছেন কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় সুযোগ পাচ্ছেন নাহুয়েল মোলিনা, তবে বাকি দল অপরিবর্তিত থাকছে।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পাওয়া দলের রক্ষণভাগে বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে স্কালোনিকে। ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে গঞ্জালো মন্তিয়েল এই ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে ডান-ব্যাকে খেলবেন নাহুয়েল মোলিনা, যাকে দীর্ঘদিন ধরেই এই পজিশনের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে আর্জেন্টিনা দল।
আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে ফেরার লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই এগিয়ে রাখা হয়েছে। গোড়ালির চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন আলভারেজ। তবে এখনও পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তাকে বেঞ্চ থেকেই শুরু করতে হতে পারে।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত থিয়াগো আলমাদার ওপরই আস্থা রাখছেন স্কালোনি। নিকোলাস গঞ্জালেজকে একাদশে দেখা যেতে পারে বলে আলোচনা থাকলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে বাম-ব্যাকে খেলবেন ফাকুন্দো মেদিনা। চোট কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকোকে ঝুঁকি এড়াতে শুরুতে বেঞ্চে রাখা হচ্ছে।
দ্বিতীয়ার্ধে তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। নকআউট পর্বের আগে তাদের ম্যাচের ছন্দে ফেরানোর লক্ষ্যেই এমন ভাবনা।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ড: রদ্রিগো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ
তাগলিয়াফিকো ও পারেদেসকে পাওয়া যাওয়ায় অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা শিবিরে নতুন কোনো ইনজুরি উদ্বেগ নেই। এই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।