
দারুণ পারফরম্যান্স দিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলো ছড়ালেও শেষ পর্যন্ত আর টুর্নামেন্টে ফেরা হচ্ছে না দুই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা–র। জাতীয় দলের দায়িত্ব শেষে আবার লিগে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিসিবি এক বিবৃতিতে জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ খেলতে মাঝপথে পিএসএল ছেড়ে দেশে ফিরেছিলেন তারা। সিরিজ শেষে পুনরায় যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দেওয়া এনওসি (ছাড়পত্র) বাতিল করেছে।
মূলত চোটের কারণেই মোস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত। সিরিজের প্রথম ম্যাচের আগে ডান পায়ের হাঁটুতে আঘাত পান তিনি, ফলে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। শেষ ম্যাচে একাদশে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন এই বাঁহাতি পেসার। তার শারীরিক অবস্থা আরও নিরীক্ষার জন্য স্ক্যান করা হবে। এরপর বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন মোস্তাফিজ।
অন্যদিকে, সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে গুরুত্ব দিয়ে নাহিদ রানাকেও পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।